দেশনিউজ২৪ ডটকমঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঞ্চল্যকর আব্দুল অহিদ হত্যা মামলার তিন আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-৩ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানলে বিচারক মোঃ মাসুদুজ্জামান জামিন আবেদন বাতিল করে তাদেরকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৩ মার্চ দিবাগত রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত হাজী আনছার আলীর পুত্র আব্দুল অহিদকে (২৮) তাদের চিংড়ি ঘেরে দুর্বৃত্তরা নৃশংসভাবে নির্যাতন চালিয়ে হত্যা করে। পরদিন ২৪ মার্চ নিহতের ভাই আব্দুল মজিদ গাজী বাদি হয়ে উপজেলার জগন্নাথপুর গ্রামের শফিকুল ইসলাম লিটন, একই গ্রামের সাজু সরদার ও কালাবাড়িয়া গ্রামের এবাদুল ইসলামকে সন্দিগ্ধ আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর গত ১৫ ফেব্রুয়ারী সিআইডি ইন্সপেক্টর আমির হোসেন নয়জনের নাম উল্লেখ করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে আব্দুল মজিদকে ঘের থেকে উচ্ছেদ করার জন্য তার ব্যবসার অংশীদার আব্দুল মালেকের নির্দেশে তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা আব্দুল অহিদকে নৃশংসভাবে কুপিয়ে ও খুচিয়ে হত্যা করেছে বলে উল্লেখ করা হয়।
আসামী শফিকুল ইসলাম লিটন, সাজু সরদার ও এবাদুল ইসলাম মামলার অভিযোগপত্র আদালতে দাখিল না করা পর্যন্ত হইকোর্ট থেকে জামিন পায়। কিন্তু আদালতে অভিযোগপত্র দাখিলের তিন মাস পেরিয়ে গেলেও হাইকোর্টে জামিনের সময় বৃদ্ধির জন্য আবেদন সংক্রান্ত আইনজীবীর প্যাডে লেখা চিঠি দেখিয়ে তারা পার পেয়ে যাচ্ছিল। গতকাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক জামিনাবেদন নাকচ করে তাদেরকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।
প্রসঙ্গত, এ মামলার অভিযোগপত্রে উল্লেখিত আসামী আব্দুল মালেক ও আরিফ হোসেন আদালত থেকে আগে জামিন পেলেও অপর আসামী শরৎ চন্দ্র মন্ডল, দুলাল চন্দ্র ধাড়া, কাশীনাথ ঘুঘু ও নিরঞ্জন ভুঁইয়া পলাতক রয়েছে।
