দেশনিউজ২৪ ডটকমঃ সাতক্ষীরায় থ্রি হুইলার মহেন্দ্র ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা-খুলনা সড়কের ত্রিশ মাইল নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
এসময় একই পরিবারের আরও দুইজন আহত হয়েছে ।
নিহত গৃহবধূর নাম সবিতা রানী দাস (৩৫)। তিনি তালা উপজেলার বারুইপাড়া গ্রামের মিলন দাসের স্ত্রী। আহতরা হলেন, সবিতা রানীর স্বামী মিলন কুমার দাস (৪৫), তাদের ৮ম শ্রেনী পড়ূয়া পুত্র সুমন দাস।
পাটকেলঘাটা থানার ওসি আক্তারুজ্জামান জানান, সবিতা রানী স্বামী ও দুই সন্তানকে নিয়ে ৩/৪ দিন আগে দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামে পিতার বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার তারা তিন চাকার মহেন্দ্রতে চড়ে নিজ বাড়ি তালা উপজেলার বারুইপাড়া গ্রামে ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যে পাটকেলঘাটা থানার ত্রিশ মাইল নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে মহেন্দ্রোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সবিতা রানী মারা যান। এসময় গুরুতর আহত সবিতার স্বামী মিলন দাস ও পুত্র সুমন দাসকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এব্যাপারে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
