দেশনিউজ২৪ ডটকমঃ সাতক্ষীরা সদর থানা পুলিশ বুধবার গভীর রাতে শহরের বাঙ্গালের মোড় এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় মাইক্রোবাসে লুকিয়ে রাখা ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার হাতিয়াড়া গ্রামের সোবহান শিকদারের পুত্র কামরুল হাসান শিকদার (২৯), একই জেলার মোকছেদপুর থানার পালপাড়া গ্রামের আলমগীর শেখের পুত্র হিটু শেখ (৩২) ও নড়াইল জেলার লোহাগড়া থানার লংকারচর গ্রামের শেখ লুৎফার রহমানের পুত্র শেখ সোহেল রানা (৩০)। কাসরুল ও হাসান বর্তমানে খুলনার খালিশপুরের প্লাটিনাম জুটমিল আবাসিক এলাকায় বসবাস করে।
পুলিশ জানায়, মাইক্রোবাসে ফেন্সিডিল আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম খানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টহল দল শহরের বাঙ্গালের মোড় এলাকায় অবস্থান নেয়। রাত ১ টার সময় সীমান্তের দিক হতে আসা খুলনা গামী একটি মাইক্রোবাস নং ঢাকা মেট্রো চ-১৩-৯৩১৬ বাঙ্গালের মোড় এলাকায় পৌছালে পুলিশ গাড়ীটি থামানোর জন্য সিগনাল দেয়। এসময় চালক গাড়ীটি গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারের উল্লেখ করে থামতে অস্বীকৃতি জানিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ রাস্তায় বেরিকেড দিয়ে গাড়ী থামায়। পরে গাড়ীতে তল্লাশী চালিয়ে বডিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এসময় মাইক্রোবাসের চালক সহ মাদক ব্যবসায়ী অপর দুই অরোহীকে গ্রেফতার করা হয়। এঘটনায় সদর থানার এস আই জিয়ারুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ সুপারের নির্দেশে গত ১৫ মে হতে জেলাব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসাবে এসব ফেন্সিডিল আটক করা হয়।
