দেশনিউজ২৪ ডটকমঃ ইতালির বিপক্ষে মাত্র ১৫ মিনিটে স্পেন স্ট্রাইকার ফার্নান্দো তোরেস বাজিমাত করেছেন। পুরো আসরে শুধু একটি ম্যাচেই প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন। ওই ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে করেছিলেন জোড়া গোল।
আর ফাইনালে শেষ ১৫ মিনিটে নেমে একটি গোল নিজে করে এবং আরেকটি গোলের সহায়ক হলে স্পেন ৪-০ গোলের বড় জয়ে শিরোপা জয় করে। আর এতেই আসরে তিন গোল নিয়ে তোরেস জিতে নেন সোনার বুট। এরআগে ২০০৮ সালের ফাইনালে তার গোলেই স্পেন শিরোপা জয় করেছিল।
তোরেস ছাড়াও জার্মানির মারিও গোমেজ, ইতালির মারিও বালোতেল্লি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, রাশিয়ার এলান দাগোয়েভ ও ক্রোয়েশিয়ার মারিও মানজুকি তিনটি করে গোল করেন। তবে তাদের সরিয়ে তোরেস সোনার বুট জিতে নেন।
ইতালির বিপক্ষে দ্বিতীয়ার্ধে সেস ফেব্রিগেসের বদলি খেলতে নেমে ৮৪ মিনিটে গোল করেন তোরেস। পরে তার ক্লাব সতীর্থ জুয়ান মাতাকে দিয়ে একটি গোল করান। ছয়জনের গোল সমান হওয়ায় সবচেয়ে বেশি গোলের যোগান দেওয়া এবং সবচেয়ে কম সময় খেলার রেকর্ডগুলো আমলে নিয়ে সর্বোচ্চ গোলদাতা নির্বাতি হন চেলসির এই স্ট্রাইকার।
তোরেসের সমান গোলের যোগান দিয়েছেন জার্মানির গোমেজ। কিন্তু তিনি বেশি সময় খেলে তিন গোল করায় দ্বিতীয় হন। ২৮২ মিনিট খেলে তিন গোল করেছেন গোমেজ। কিন্তু তোরেস মোট ১৮৯ মিনিট খেলে সমানসংখ্যক গোল করেন।
পরপর দুটি ইউরোর ফাইনালে গোল করার কৃতিত্ব দেখালেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ২০০৮ সালের ইউরো ফাইনালেও একটি গোল করেছিলেন তিনি।
