19 May 2013 , Sunday
Bangla Font Download
সংবাদ শিরোনামঃ

You Are Here: Home » খেলাধূলা, সর্বশেষ সংবাদ » মিসবাহকে টি-টোয়েন্টিতে চান হোয়াটমোর

দেশনিউজ২৪ ডটকমঃ টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে মিসবাহকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকেও। তবে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞ মিসবাহ-উল-হককে দলে চান পাকিস্তানের কোচ ডেভ হোয়াটমোর।
পিসিবির ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বিশ্বকাপের প্রাথমিক ৩০ সদস্যের তালিকায় মিসবাহকে রাখতে জাতীয় নির্বাচক কমিটিকে চিঠি দিয়েছেন হোয়াটমোর। তবে নির্বাচকেরা নাকি এখনো মিসবাহকে টি-টোয়েন্টিতে না রাখার আগের অবস্থানেই আছেন। হোয়াটমোরকে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছেন তাঁরা।
গত মে মাসের শুরুর দিকে মিসবাহকে সরিয়ে টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয় মোহাম্মদ হাফিজের কাঁধে। তবে আগের মতোই পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্বে আছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারানো ও দল থেকে বাদ পড়ার প্রতিক্রিয়ায় মিসবাহ বলেছিলেন, ‘এটা বোর্ড ও নির্বাচকদের সিদ্ধান্ত। তবে আমার মনে হয়, টি-টোয়েন্টি ফরম্যাটেও খেলার যোগ্য আমি। জাতীয় দল থেকে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে এই ফরম্যাটের খেলা চালিয়ে যাব।’
মিসবাহ স্বীকার করেন, বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেওয়ার কথা ভেবেছিলেন। নিজের সেই ভাবনাটা মিথ্যা হয়ে যাওয়ায় তিনি মর্মাহত।
মিসবাহর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে অভিযোগ ছিল, টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে তিনি ততটা মানানসই নন। তাঁর নেতৃত্ব অতি রক্ষণাত্মক। গণমাধ্যমে জোর গুঞ্জন ছিল, নতুন কোচ ডেভ হোয়াটমোর নাকি চাচ্ছিলেন সব ধরনের ক্রিকেটের নেতৃত্ব থেকেই মিসবাহকে সরিয়ে দেওয়া হোক। তবে খুব বেশি পরিবর্তনের পথে যায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। মিসবাহকে সরিয়ে দেওয়া হয় শুধু টি-টোয়েন্টি ক্রিকেট থেকে।

Use Facebook to Comment on this Post

Leave a Reply

প্রকাশক : রোকেয়া চৌধুরী বেবী, সম্পাদক : মনিরুল ইসলাম, যোগাযোগ : ২৭৮, পশ্চিম রামপুরা, ডিআইটি রোড, ঢাকা-১২১৯, মেইল : monirjjd@yahoo.com, Mob.01819067529,

Site Hosted By: WWW.LOCALiT.COM.BD