দেশনিউজ২৪ ডটকমঃ ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন। অবসর ভেঙে ফিরবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেটাই আনুষ্ঠানিক রূপ পেল আজ। গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। গত মাসে অবশ্য সেই সিদ্ধান্ত বদলে ফেরার ইচ্ছাটা জানিয়ে রেখেছিলেন। ভেট্টোরির পরিবর্তিত ইচ্ছাকে সম্মানই জানালেন নিউজিল্যান্ডের নির্বাচকেরা। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ৩০ জনের দলে রাখা হয়েছে তাঁকে।
নিউজিল্যান্ড দলে নতুন খেলোয়াড় আছেন দুজন। তবে সেটাকে চমক বলা চলে না। অবশ্য চমক আছে অস্ট্রেলিয়ার ঘোষিত দলে। বিশ্বকাপের সম্ভাব্য ৩০ জনের দলে তরুণ ফাস্ট বোলার জেমস প্যাটিনসনকে রাখেননি অসি নির্বাচকেরা।
দল ঘোষণার পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধান নির্বাচকেরা দাবি করেন, নিজেদের সেরা দলটাই ঘোষণা করেছেন তাঁরা। অসি প্রধান নির্বাচক জন ইনভেরারিটি সাংবাদিকদের বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ লড়াই হবে। প্রতিভাবানেরা এখানে নিজেদের প্রতিভার ঝলক দেখাবেন। তাঁদের নৈপুণ্যে মাত্র ১০ মিনিটে কোনো কোনো ম্যাচের ভাগ্য ঘুরে যেতে পারে। আমরা যে দলটা ঘোষণা করেছি সেটা প্রতিভাবান, সংঘবদ্ধ এবং অলরাউন্ড শক্তিধর।’
নিজেদের দল সম্পর্কে নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক কিম লিটলজনের বক্তব্য, নিউজিল্যান্ডের সেরা ৩০ জন ক্রিকেটারকে নিয়েই প্রাথমিক দল নির্বাচন করা হয়েছে। এটা ভারসাম্যপূর্ণ দল।
নিউজিল্যান্ড দল: রস টেইলর, মাইকেল বেটিস, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, নেইল ব্রুম, ডিন ব্রাউনলি, কলিন ডি গ্রান্ডহোম, অ্যান্ড্রু এলিস, ড্যানিয়েল ফিন, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গাপটিল, রোনেল হিরা, আনারু কিটচেন, টম লাথাম, ব্রেন্ডন ম্যাককালাম, নাথান ম্যাককালাম, পিটার ম্যাকগ্লাশান, অ্যান্ডি ম্যাকাই, কাইল মিলস, অ্যাডাম মিলনে, তারুণ নিথিলা, রব নিকোল, জ্যাকব ওরাম, টিম সাউদি, ড্যানিয়েল ভেট্টোরি, নেল ওয়েঙ্গার, বি জে ওয়াটলিং, কেন উইলিয়ামসন, লুক ইডকুক ও জর্জ ওয়ার্কার।
অস্ট্রেলিয়া দল: জর্জ বেইলি, ট্রেভিস বার্ট, ড্যান ক্রিস্টিয়ান, প্যাট কামিনস, হাভিয়ের ডোহার্টি, জেমস ফালকনার, অ্যারোন ফিঞ্চ, রায়ান হ্যারিস, বেন হিলফেনহস, ব্রাড হগ, ডেভিড হাসি, মাইক হাসি, মিচেল জনসন, বেন লাফলিন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ক্লিন্ট ম্যাকাই, ডার্ক ন্যানেস, স্টিফেন ও’ ক্যাফি, টিম পেইন, রব কুইনি, স্টিফেন স্মিথ, মিশেল স্টার্ক, অ্যাডাম ভোগস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন ও ক্যামেরন হোয়াইট।
You Are Here: Home » খেলাধূলা, সর্বশেষ সংবাদ » অবসর ভেঙে ফিরলেন ভেট্টোরি
