দেশনিউজ২৪ ডটকমঃ চীনকে পেছনে ফেলে লন্ডন অলিম্পিকের ১৩তম দিনে দ্বিতীয়বারের মতো অলিম্পিকের পদক তালিকার শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। দিন শেষে ৩৯ সোনা, ২৫ রুপা ও ২৬ ব্রোঞ্জসহ যুক্তরাষ্ট্রের ৯০টি পদক।
বৃহস্পতিবার আরো ৫টি সোনা, ৩টি রুপা ও ১টি ব্রোঞ্জ জিতে চীনকে টপকে যায় যুক্তরাষ্ট্র।
দ্বিতীয় স্থানে নেমে যাওয়া চীনের অর্জন ৩৭ সোনা, ২৪ রুপা ও ১৯ ব্রোঞ্জসহ ৮০টি পদক। ২৫ সোনা, ১৩ রুপা ও ১৪ ব্রোঞ্জসহ ৫২টি পদক নিয়ে তৃতীয় স্থানেই স্বাগতিক যুক্তরাজ্য।
এছাড়া, ১২টি সোনা, ২১টি রুপা ও ২৩টি ব্রোঞ্জ নিয়ে মোট ৫৬টি পদক পেয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। আর ১২টি সোনা, ৭ রুপা ও ৬ ব্রোঞ্জ নিয়ে মোট ২৫টি পদক পেয়ে তালিকার পঞ্চম স্থান রয়েছে দক্ষিণ কোরিয়া।
বৃহস্পতিবার অলিম্পিকে মেয়েদের ফুটবলে জাপানকে ২-১ গোলে হারিয়ে টানা এই ইভেন্টে রেকর্ড তৃতীয় সোনা জিতে যুক্তরাষ্ট্র। আর মহিলাদের ওয়াটার পোলোতে স্পেনকে ৮-৫ গোলে হারিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র।
এইদিন পুরুষদের ডেকাথলন ও ট্রিপল জাম্পে সোনা-রূপা দুটোই জিতেছে মার্কিন প্রতিযোগীরা। পুরুষদের ট্রিপল জাম্পে মৌসুম সেরা ১৭.৮১ মিটার অতিক্রম করে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ান টেলর। পুরুষদের ডেকাথেলনে ৮৮৬৯ স্কোর করে যুক্তরাষ্ট্রের অ্যাশটন ইটন সোনা জেতেন।
এছাড়া, মহিলাদের ৫১ কেজি ওজন শ্রেণীতে চীনের কানকান রেনকে হারিয়ে এবারের অলিম্পিক বক্সিংয়ের প্রথম সোনা জিতেছেন যুক্তরাজ্যের নিকোলা অ্যাডামস।
এবারের অলিম্পিকে পদক লড়াইয়ে শুরু থেকেই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে আসছে। শুরু থেকে পদক তালিকায় শীর্ষস্থান ধরে রাখে চীন। সপ্তম দিনে এসে চীনকে ছাড়িয়ে যায় যুক্তরাষ্ট্র। তবে শীর্ষস্থান ফিরে পেতে ৩৬ ঘণ্টার বেশি সময় নেয়নি চীন।
